Saturday, 9 May 2020

ঐশীর শুভকামনায় জেসিয়া

ঐশীর শুভকামনায় জেসিয়া

এবার কার মাথায় উঠবে বিশ্ব সুন্দরীর মুকুট, কয়েক ঘণ্টা পরই তা জানা যাবে। তবে আশার কথা হল-এখনো টিকে আছেন বাংলাদেশের প্রতিযোগী ঐশী।
তার জন্য শুভকামনা জানিয়েছেন গত বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন জেসিয়া ইসলাম। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেয়ায় ঐশীর জন্য গর্বিত তিনি।
জেসিয়া বলেন, ঐশী যেন প্রতিযোগিতার চূড়ান্ত সময় পর্যন্ত মঞ্চে থাকতে পারেন, এই কামনাই করি। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ অংশের অনুমোদিত আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ।
এই প্রতিষ্ঠান দুই বছর ধরে বাংলাদেশে আয়োজন করছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। প্রথম আসরের বিজয়ী ছিলেন জেসিয়া ইসলাম, আর এবার ঐশী।
শনিবার সন্ধ্যায় চীনের সানাই শহরে বসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ওই মঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন ঐশী। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে জুম টিভি।
ভ্যানেসা পন্তের মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

ভ্যানেসা পন্তের মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

এ বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে সেরা সুন্দরীর মুকুট পরলেন মেক্সিকোর ২৬ বছর বয়সী তরুণী ভ্যানেসা পন্তে দেলেওন। শনিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে চিনের সানাইয়া সিটি এরেনা মঞ্চে তার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। এ বছর প্রতিযোগিতার ৬৮তম আসরে ১১৮ দেশের সুন্দরীদের হটিয়ে বিশ্ব সুন্দরী-২০১৮-এর স্বীকৃতি পেলেন ‘মিস মেক্সিকো’
প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভ্যানেসা বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছিনা, আমি সত্যিই বিম্বাস করতে পারছি না… আমি মনে করি প্রতিযোগিতার প্রত্যেকটি মেয়েই এই মুকুটের যোগ্য। আমি তাদের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।’
এ বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের ফাইনাল মঞ্চে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে লক্ষ্যের অনেকটাই কাছাকাছি গিয়েছিলেন তিনি। কারণ সেরা ৩০ থেকে সেরা ১২তে পৌঁছাতে পারেনি ঐশী।
শাহরুখের ভক্তরাও দান করলেন প্রধানমন্ত্রীর তহবিলে

শাহরুখের ভক্তরাও দান করলেন প্রধানমন্ত্রীর তহবিলে

এই মুহূর্তে ভারতজুড়ে শাহরুখ খানের প্রশংসায় মেতেছে সবাই। মুম্বাই, দিল্লী, কলকাতার মতো বড় আর গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে করোনা মোকাবিলায় বিপুল সাহায্য দান করেছেন বলিউড বাদশা। তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রিয় নায়কের মহানুভবতা দেখে এবার এগিয়ে এলেন তার ভক্তরাও। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরিকালীন তহবিলে অনুদান দিলেন শাহরুখ ভক্তরা। এই তহবিলে ১ লক্ষ টাকা তুলে দিয়েছেন কিং খানের ফ্যান পেজের সদস্যরা। শাহরুখের ফ্যান পেজ SRK Universe Fan Club-এর পক্ষ থেকে টুইট করে PM Cares Fund-এ এক লক্ষ টাকা প্রদানের কথা জানানো হয়েছে।
আরও জানা গেছে, রাজ্যের বর্ধমান জেলার শাহরুখের কিছু ভক্ত ৫০০টি পরিবারকে খাবার পৌঁছে দিচ্ছে। পাশাপাশি মহারাষ্ট্রের পূর্ণা শহরেও শাহরুখের কিছু ভক্ত বিভিন্ন পরিবারকে খাবার দিচ্ছে। তেলেঙ্গানার নিজমাবাদ ও ত্রিপুরার উদয়পুরেও শাহরুখের কিছু ভক্ত দাঁড়িয়েছে ক্ষুধার্ত মানুষের পাশে। তবে ভক্তদের এই দান নিয়ে এখনো কিছু বলেননি বলিউড বাদশা।
ভারতের মানুষের কাছে শাহরুখ খান এক ভালোবাসার নাম। নিজের চারতলা অফিস ও বাড়ি করোনা সন্দেহদের রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টার হিসেবেও ব্যবহার করতে দিয়েছেন শাহরুখ।
কিং খান বলেন, ‘ আসুন আমরা সকলেই একে অপরের জন্য কিছু করি। ভারতবর্ষ এবং সকল ভারতবাসী আমার পরিবার।’
বোনের পর করোনায় আক্রান্ত অভিনেত্রী জোয়া

বোনের পর করোনায় আক্রান্ত অভিনেত্রী জোয়া

বলিউড তারকা শাজা মোরানির পর এবার তার বোন অভিনেত্রী জোয়া মোরানির শরীরেরও করোনা ভাইরাস পাওয়া গেছে। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই অম্বানি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমে জানায়, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘রা ওয়ান’ সিনেমার প্রযোজক করিম মোরানির মেয়ে শাজা ও জোয়া। প্রথমে সোমবার (৬ এপ্রিল) শাজার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে তা পজিটিভ আসে। এরপর দুইবার টেস্ট করার পর জোয়াও আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তবে শাজার কোনো উপসর্গ না থাকলেও জোয়া বেশকিছু উপসর্গ রয়েছে। অভিনেত্রী দুই বোনেরই হাসপাতালে চিকিৎসা চলছে।
শাজা বেশ কিছুদিন ধরে শ্রীলঙ্কা ছিলেন। ভারতে লকডাউন শুরু হওয়ার আগে সেখান থেকে তিনি ফেরেন। তবে জোয়ার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাই চিকিৎসক ধারণা করছে বোন থেকেই তার শরীরে করোনার সংক্রমণ ঘটেছে।
২০০৭ সালে শাহরুখ-দীপিকা জুটির প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জোয়া। এছাড়া ২০১১ সালে ‘অলওয়েজ কাভি কাভি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আরো দুইটি সিনেমায় অভিনয় করেন তিনি।
এদিকে সাজা ‘দিলওয়ালে’, ‘ধাম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন।
বলিউড তারকাদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হন গায়িকা কণিকা কাপুর। এরপর এই তারকা দুই বোন মহামারি এই ভাইরাসের কবলে পড়লেন।
সাভারে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সাভারে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অঘোষিত লকডাউনের অংশ হিসেবে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ কয়েক দফায় বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। এতে করে প্রায় দুই মাস যাবৎ কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়ায় খাবারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় প্রায় অর্ধশতাধিক পরিবহন শ্রমিক মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। এসময় জরুরি সেবার বিভিন্ন পরিবহন আটকা পড়ে যায়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, করোনার দোহাই দিয়ে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। অথচ শ্রমিকদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। প্রায় দুই মাস ধরে পরিবহন শ্রমিকেরা কর্মহীন হয়ে চরম কষ্টে দিন যাপন করছেন। রাস্তায় ছোট ছোট অনেক পরিবহন চলছে, চালু করা হয়েছে পোশাক কারখানা সবকিছুই চলছে ঠিকঠাক কিন্তু পরিবহন চলতে দিচ্ছে না। পরিবহন না চলতে দিলে পর্যাপ্ত খাবার সরবরাহের দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।
পরিবহন শ্রমিক মোসলেম বলেন, আমাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর নিয়ে গেলো। লকডাউনের মধ্যেও আরিচা ও মানিকগঞ্জ থেকে শ্রমিকরা এসে এসব কিছু দিয়েছে। কিন্তু কোনো ধরনের খাবার কিংবা সহযোগিতা আমরা পাইনি। আমরা কারও কাছে খাবার চাই না, আমাদের পরিবহন চালু করুক। আমাদের ঘরে খাবার নেই, বাড়ি ভাড়ার টাকা নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে পুলিশ। অবরোধের আধা ঘণ্টা পর পরিবহন মালিকদের সঙ্গে কথা বলার আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেয়।
করোনা পরীক্ষায় দেশে প্রথম বেসরকারি ল্যাব চালু

করোনা পরীক্ষায় দেশে প্রথম বেসরকারি ল্যাব চালু

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালু হলো পলিমারি চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর উদ্যোগে স্থাপন হওয়া এই ল্যাবে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হবে। বুধবার (২৯ এপ্রিল ) দুপুর ১২টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই ল্যাবটির উদ্বোধন হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনের বেস্টওয়ে সিটিতে স্থাপিত এই ল্যাবটিতে নমুনা পরীক্ষার কাজে থাকবেন দুইজন ভাইরোলজিস্ট ও চারজন চিকিৎসক। নমুনা সংগ্রহের কাজে থাকবেন পাঁচজন টেকনোলজিস্ট। যারা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করবেন। নমুনা সংগ্রহের ক্ষেত্রে ল্যাবে থাকছে ০১৭৭-৭৭৭৪২২০ ও ০১৭৭-৭৭৭৪২২২ এই দুইটি হটলাইন নম্বর।
সরকারের কেন্দ্রীয় সংস্থাটি এত দিন নারায়ণগঞ্জ অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাত। এই টেস্ট ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে এখন নারায়ণগঞ্জের নমুনা সংগ্রহ করে এ ল্যাবেই পরীক্ষা করা হবে। এ ল্যাবে করোনা টেস্ট করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।
গাজী গ্রুপের উপ-মহাব্যবস্থাপক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর সঞ্চালনায় ভার্চুয়াল উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ ইকবাল কবির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাছুম, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, ইউএস বাংলা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীর বলেন, কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য বিএসএল-২ (বায়োসেফটি লেভেল-২) ল্যাবে বায়োলজিক্যাল নিরাপত্তার সব ধরনের সুবিধা থাকা প্রয়োজন। বেসরকারি উদ্যোগে দেশে প্রথমবারের মতো সেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপন করা হয়েছে। এই নমুনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিন ইতোমধ্যেই আনা হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে রূপগঞ্জে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এর সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে ব্র্যাকের সহায়তায় পাঁচটি নমুনা সংগ্রহের বুথও স্থাপন করা হচ্ছে। এই বুথগুলো বিভিন্ন স্থানে বসানো হবে। সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে। এই বুথগুলোতে নমুনা সংগ্রহের কাজ করার জন্য প্রয়োজনীয় জনবলও প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ল্যাবের ভাইরোলজিস্ট ডা. রুকসানা রায়হান বলেন, ইতোমধ্যে কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য ল্যাবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে বায়োসেফটি লেভেল-২ ল্যাব নিশ্চিত করা হয়েছে। এখানে জে এস রিসার্চ ব্রান্ডের বায়োসেফটি লেভেল-২ ক্যাবিনেট ব্যবহার করা হচ্ছে। এটি কোরিয়া থেকে আনা হয়েছে। এই মেশিন দিয়ে প্রতিবার ৯৪টি স্যাম্পল একবারে পরীক্ষা করা যায়।
এ বিষয়ে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এই অঞ্চলে একটি পরিপূর্ণ টেস্ট ল্যাব স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়েই বস্ত্র ও পাট মন্ত্রী এবং তার পরিবার এগিয়ে এসেছে কোভিড-১৯ এর অন্যতম হটস্পট নারায়ণগঞ্জের জন্য অর্থবহ কিছু করার জন্য।
গোলাম মর্তুজা আরও বলেন, করোনায় আক্রান্ত যারা মাইল্ড সিন্ড্রোমে ভুগছেন তাদের যদি দ্রুত শনাক্ত করে আইসোলেশনে নেয়া যায় এবং যারা করোনা পজিটিভের সংস্পর্শে আসতে পারেন তাদের যদি দ্রুত কোয়ারেন্টাইনে নেয়া যায়, তাহলেই কেবল এই মারাত্মক সংক্রামক রোগটির সংক্রমণ ধীরগতি করা যেতে পারে। সেজন্য সবার আগে প্রয়োজন রোগ শনাক্ত হওয়া। নারায়ণগঞ্জের স্যাম্পল ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো সময় সাপেক্ষ। এখন থেকে সম্পূর্ণ বিনা খরচে নারায়ণগঞ্জে থেকেই এখানকার রোগীদের স্যাম্পল টেস্ট করা সম্ভব হবে।
তিনি বলেন, জনগণের পাশে থেকেই আমরা গাজী গ্রুপ সব সময় কাজ করে যাই। অতীতেও বিভিন্ন সংকটে গাজী গ্রুপ বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবার করোনা সংকটের এ সময়ে সরকারের পাশে থেকে কাজ করে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।
গোলাম মর্তুজা আরও আশা করেন, নারায়ণগঞ্জে যেটা হয়েছে তা যদি বাংলাদেশে সমাজের বিত্তবান ও প্রতিষ্ঠিতদের উদ্যোগে আরও ১৫-২০টি স্থানে করা হয় তবে আমরা কোভিড-১৯ এর সংক্রমণ এড়ানোর যুদ্ধে অনেক দূর এগিয়ে যাব।
মেসে ঢুকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা

মেসে ঢুকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা

ময়মনসিংহ মহানগরীতে ছাত্রদের মেসে ঢুকে তৌহিদুল ইসলাম খান (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোররাতে সাহরি খাওয়ার পর নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
তৌহিদুল নেত্রকোণার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের সাইফুল ইসলাম খানের ছেলে। সে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন জানান, শুক্রবার ভোরে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটিয়েছে নাকি চুরি করার জন্য সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে হত্যায় জড়িতদের শনাক্ত ও আটক করতে কাজ করছে বলে জানান তিনি।