Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

Saturday, 9 May 2020

সাংবাদিক আসলামের মৃত্যুতে আইজিপি’র শোক

সাংবাদিক আসলামের মৃত্যুতে আইজিপি’র শোক

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক আসলাম রহমানের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (৮ মে) এক শোকবার্তায় আইজিপি বলেন, আসলাম রহমান ছিলেন নিষ্ঠাবান সাংবাদিক, অত্যন্ত বিনয়ী ও অমায়িক একজন মানুষ। ক্রাইম রিপোর্টার হিসেবে সমাজের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কলম ধরার ক্ষেত্রে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা।
বেনজীর আহমেদ আরো বলেন, আসলাম রহমানের সাথে বাংলাদেশ পুলিশের ছিল সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সুসম্পর্ক। তার অকাল মৃত্যুতে আমরা এক আপনজনকে হারালাম।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
২৮০ রোহিঙ্গাকে উদ্ধার করে পাঠানো হল ভাসানচরে

২৮০ রোহিঙ্গাকে উদ্ধার করে পাঠানো হল ভাসানচরে

বঙ্গোপসাগরে কয়েক সপ্তাহ ধরে ভাসতে থাকা ২৮০ রোহিঙ্গাকে উদ্ধার করে করোনাভাইরাস প্রতিরোধে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের ভাসানচরে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরা এমন খবর দিয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদারও শুক্রবার সকালে তাদের ভাসানচরে নেয়ার খবর নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের জলসীমায় রোহিঙ্গাদের বহনকারী জীর্ণ নৌকাটি দেখা যায়। খবরে বলা হয়, উদ্ধারের সময় এসব রোহিঙ্গা প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। তাদের খাবার ও পানি দেয়া হয়েছে।
এরপর নৌকাটিকে নিয়ে যাওয়া হয় নোয়াখালীর ভাসানচরে। সেখানে গত ৪ মে আরও ২৮ রোহিঙ্গাকে পাঠানো হয়েছিল।
মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা থেকে বাঁচতে ২০১৭ সালের আগস্টের শেষ দিকে কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন।
রেমডেসিভিরের নমুনা জমা দিলো এসকেএফ

রেমডেসিভিরের নমুনা জমা দিলো এসকেএফ

করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ হিসেবে যুক্তরাষ্ট্রে রেমডেসিভির ওষুধটি স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশও এর উৎপাদন প্রক্রিয়া সম্পন্নের পথে রয়েছে। এরইমধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ তাদের উৎপাদিত রেমডেসিভিরের নমুনা ওষুধ প্রশাসন অধিদফতরে জমা দিয়েছে।
শনিবার (৯ মে) ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বুধবার বেক্সিমকো তাদের ওষুধের নমুনা জমা দিয়েছিল। আর এসকেএফ দিয়েছে আজ ( ৯ মে), যদিও তাদের জমা দেওয়ার কথা ছিল আগামীকাল।
তিনি আরও বলেন, বেক্সিমকোর ওষুধের পরীক্ষা শুরু হয়েছে আগেই, এসকেএফের নমুনা জমা হলো মাত্র, হয়তো আজ অথবা আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে। এখন এই পরীক্ষাতে সবকিছু ঠিকঠাক থাকলে তারা বাজারজাত করার অনুমতি পাবে।
দেশে প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ইনজেকশন উৎপাদন করল

দেশে প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ইনজেকশন উৎপাদন করল

দেশে প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় কার্যকরী রেমডেসিভির ইনজেকশন উৎপাদন করল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উৎপাদনের সব প্রস্তুতি শেষ করার পর শুক্রবার সকাল থেকে ওষুধটি বাজারে ছাড়া শুরু হয়েছে।
শুক্রবার (৮ মে) থেকে ওষুধটি বাজারজাত করার প্রস্তুতি শুরু হয়েছে।
এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন বলেন, ‘ওষুধ প্রশাসন গত মার্চ মাসে ওষুধটি ব্যবহারের অনুমতি দেয়। ওষুধ প্রশাসনের অনুমোদনের পরপরই আমাদের ফর্মুলেশন বিজ্ঞানীরা মার্চ মাসের মাঝামাঝি থেকে রেমডেসিভির নিয়ে কাজ শুরু করেন। যেহেতু এটি একটি শিরায় দেওয়া ইনজেকশন, সে কারণে এর উৎপাদনে সূক্ষ্ম প্রক্রিয়া অনুসরণ করতে হয়। দুই মাস ধরে এসকেএফ কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এত কম সময়ে এটা উৎপাদন করা সম্ভব হয়েছে।
দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।


মহামারী করোনাভাইরাসের এই দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শনিবার (৯ মে) ইউরোপীয় ডে উপলক্ষে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে তিরিঙ্ক এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
তিরিঙ্ক বলেন, ‘আমি তিন বছর ধরে বাংলাদেশে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আমরা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে কাজ করছি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দীর্ঘদিন ধরে ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে। তবে কোভিড-১৯ এর কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা বন্ধ রয়েছে। উৎপাদন ব্যাহত হচ্ছে। হাসপাতালে সংখ্যাধিকেরও বেশি ভিড়। এই অবস্থায় আমরা বলতে চাই, এই মহামারির সময়ে বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন।’
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে এই সময়ে তিনটি বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রাধান্য দিচ্ছে। আমরা মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য খাতে সমস্যা নিরসনে জোর দিচ্ছি। দ্বিতীয়ত স্বাস্থ্য, স্যানিটেশন ও পানি সুবিধা নিশ্চিতে কাজ করছি। আর তৃতীয়ত আমরা মহামারির গবেষণা খাতকে শক্তিশালী করতে জোর দিচ্ছি।’
তিনি বলেন, ‘প্রতি বছর ইউরোপীয় ডে আমরা পালন করি। তবে এবার আমরা এই পরিস্থিতিতে সেভাবে দিনটি উদযাপন করতে পারছি না।’